যশোরের ঝিকরগাছা সরকারি এম.এল. মডেল হাইস্কুলে ২০২৬ শিক্ষাবর্ষের অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল অনলাইনে প্রকাশ করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে আলোচনা সভা ও ফল প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান আজাদ। সভাপতির বক্তব্যে তিনি বলেন, পরীক্ষার ফলাফল একজন শিক্ষার্থীর মেধা ও প্রস্তুতির একটি মূল্যায়ন মাত্র। প্রত্যাশিত ফল না পেলেও হতাশ হওয়ার কোনো কারণ নেই। নিজের ভুলগুলো চিহ্নিত করে আরও মনোযোগ, অধ্যবসায় ও নিয়মিত পড়াশোনার মাধ্যমে সামনের দিনগুলোর জন্য নিজেকে প্রস্তুত করতে হবে।
তিনি আরও বলেন, ভালো ফল অর্জনকারী শিক্ষার্থীদের বিনয়ী থাকতে হবে এবং যারা কাঙ্ক্ষিত ফল করতে পারেনি, তাদের পাশে দাঁড়িয়ে উৎসাহ দিতে হবে। জীবনে সফল হতে হলে শুধু ভালো ফল নয়, নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা, সততা ও মানবিক গুণাবলিও অর্জন করতে হবে।
প্রধান শিক্ষক শিক্ষার্থীদের মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের অপ্রয়োজনীয় ব্যবহার থেকে বিরত থেকে পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের পরামর্শ মেনে নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থেকে নিজেকে যোগ্য, সুশিক্ষিত ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলারও আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক এএফএম সাজ্জাদুল আলম এবং সহকারী শিক্ষক আফরোজা খানম চায়না, রাজিয়া সুলতানা, সিরাজুল ইসলাম, আমিরুল ইসলাম, সুমা কর্মকার, স্বপন কুমার ঘোষ, উজ্জ্বল বিশ্বাস ও দেবাশীষ বিশ্বাস। এছাড়াও বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।