বিশেষ প্রতিনিধি: মো. আমিনূর ইসলাম রাব্বি
ময়মনসিংহ নগরীর ১ নম্বর পুলিশ ফাঁড়ির ২৭ সদস্যের বদলির সঙ্গে ২১ আগস্টের যুবলীগের মিছিলের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে ময়মনসিংহ জেলা পুলিশ। বদলি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে অসত্য ও বিভ্রান্তিকর উল্লেখ করে এর তীব্র প্রতিবাদ জানিয়েছে জেলা পুলিশ।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পুলিশের নিয়মিত প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবে সময়ের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন থানা, পুলিশ ফাঁড়ি ও ইউনিটে সদস্যদের বদলি করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় ময়মনসিংহ নগরীর ১ নম্বর পুলিশ ফাঁড়ির সদস্যদেরও বদলি করা হয়েছে।
পুলিশ জানায়, গত ১৯ ও ২০ আগস্ট ২০২৬ তারিখে পৃথক দুটি আদেশে ওই সদস্যদের বদলির আদেশ জারি করা হয়। দুটি আদেশই ২১ আগস্ট অনুষ্ঠিত যুবলীগের মিছিলের আগে স্বাক্ষরিত হয়েছে। ফলে ওই মিছিলের সঙ্গে বদলি আদেশকে সম্পৃক্ত করার কোনো সুযোগ নেই বলে দাবি করেছে জেলা পুলিশ।
জেলা পুলিশের আরও দাবি, এক কর্মকর্তার বরাত দিয়ে প্রকাশিত সংবাদে বদলির বিষয়টি সত্য বলে উল্লেখ করা হলেও, বদলি কোনো নির্দিষ্ট ঘটনার কারণে হয়েছে—এমন কোনো বক্তব্য ওই কর্মকর্তা দেননি। এমনকি এ বিষয়ে তাকে কোনো প্রশ্নও করা হয়নি।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সংশ্লিষ্ট সদস্যদের বদলি সম্পূর্ণরূপে নিয়মিত প্রশাসনিক কার্যক্রমের অংশ এবং জনস্বার্থে করা হয়েছে। তাই বদলির সঙ্গে ২১ আগস্টের যুবলীগের মিছিলকে সম্পৃক্ত করে যেসব গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে, সেসব প্রতিবেদনকে অসত্য ও বিভ্রান্তিকর উল্লেখ করে তীব্র প্রতিবাদ জানিয়েছে ময়মনসিংহ জেলা পুলিশ।